এপ্রিল ৯, ২০২৬, ০৫:০৮ পিএম
জাতীয় সংসদ অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা বিচলিত ও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে বিলের নির্ধারিত অংশ পড়তে গিয়ে তিনি বারবার জটিলতায় পড়ছিলেন এবং বাক্যের সামঞ্জস্য মেলাতে হিমশিম খাচ্ছিলেন।
তবে তরুণ এই প্রতিমন্ত্রীর এমন অবস্থায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তাকে ধৈর্য ধরে ভুল সংশোধনের সুযোগ করে দেন। বিষয়টি নিয়ে সংসদ প্রাঙ্গণসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
সংসদের এই ঘটনাটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর নুরের সমর্থনে এগিয়ে এসেছেন তার সাবেক রাজনৈতিক সহযোদ্ধা ও বর্তমানে বিএনপি কর্মী হিসেবে পরিচিত রাশেদ খাঁন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন প্রতিমন্ত্রীর এই হোঁচট খাওয়াকে সরাসরি ‘দাপ্তরিক ভুল’ হিসেবে অভিহিত করেছেন।
তিনি দাবি করেন, প্রতিমন্ত্রী নুর যখন বিলটি পড়ছিলেন, তখন আসলে ওই লিখিত ড্রাফট বা নথিতেই ত্রুটি ছিল। বাক্যগুলো এমনভাবে সাজানো ছিল যে নুর চাইলেও সামঞ্জস্যতা বজায় রেখে পড়তে পারছিলেন না। রাশেদ মনে করেন, নুর নিজেও বুঝতে পারছিলেন যে শব্দ ও বাক্যের গঠন ঠিক নেই, যা তাকে আরও বেশি বিচলিত করে তুলেছে।রাশেদ খাঁন তার পোস্টে আরও উল্লেখ করেন যে, মন্ত্রী বা প্রতিমন্ত্রীদের জন্য এমন নথিগুলো সাধারণত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা প্রস্তুত করে দেন।
প্রতিমন্ত্রীরা এগুলো নিজেরা লেখেন না। নুরুল হক নুর হয়তো সময়ের স্বল্পতার কারণে আগে থেকে নথিটি ভালোভাবে দেখে নেওয়ার সুযোগ পাননি। বিষয়টিকে মানবিক ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানিয়ে রাশেদ বলেন, নুরুল হক নুর সংসদের জন্য একদম নতুন এবং বলা চলে বর্তমান মন্ত্রিসভার সদস্যদের মধ্যে অন্যতম তরুণ। তরুণ হিসেবে অভিজ্ঞতার কিছুটা ঘাটতি থাকা স্বাভাবিক।
গণ অধিকার পরিষদের সাবেক এই সাধারণ সম্পাদক তার সাবেক সহযোদ্ধার প্রতি শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, নুর এই অনাকাঙ্ক্ষিত ত্রুটিগুলো থেকে শিক্ষা নেবেন এবং ভবিষ্যতে নিজেকে আরও দক্ষভাবে উপস্থাপন করবেন। উল্লেখ্য যে, কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা নুরুল হক নুর প্রথমবার সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফলে সংসদের দাপ্তরিক ভাষা ও পদ্ধতিগত জটিলতায় এমন বিড়ম্বনা অস্বাভাবিক নয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ। তবে বিরোধী শিবিরের কেউ কেউ বিষয়টিকে নিয়ে সমালোচনামুখর হলেও রাশেদ খাঁনের এই প্রতিরক্ষা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন