এপ্রিল ১৩, ২০২৬, ০৫:০৯ পিএম
গণভোটের মাধ্যমে প্রতিফলিত গণরায়কে প্রত্যাখ্যান করার পরিণতি বর্তমান সরকারকে ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এই সেমিনারটির আয়োজন করে ১১ দলীয় ঐক্য।বিশেষ অতিথির বক্তব্যে মো. নাহিদ ইসলাম বলেন, বর্তমান প্রেক্ষাপটে আমাদের উচিত ছিল দেশের যুদ্ধ পরিস্থিতি কিংবা জাতীয় স্বার্থ কীভাবে ঐক্যবদ্ধভাবে রক্ষা করা যায়, তা নিয়ে আলোচনা করা।
এমনকি হামের মতো মহামারি মোকাবেলা কিংবা জ্বালানি সংকট নিরসনের উপায় নিয়ে আমাদের সেমিনার করার কথা ছিল। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, গত ১৬ বছর ধরে যে সংস্কারের কথা আমরা বলে আসছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই একই আলোচনায় আটকে আছে।
জাতিকে এই দীর্ঘস্থায়ী দুর্যোগের মধ্যে টেনে আনার জন্য তিনি সরাসরি বিএনপিকে অভিযুক্ত করেন। নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, এই সংকটের দায়ভার এবং এর তিক্ত পরিণতি বিএনপিকেই ভোগ করতে হবে এবং সেই পথ মোটেও সহজ হবে না।গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি জানান, দেশে তখন দুটি প্রধান প্রশ্ন দেখা দিয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দাবি ছিল ফ্যাসিবাদের চিরস্থায়ী বিলোপ, আর বিএনপি চেয়েছিল দ্রুত নির্বাচন।
আমরা সংস্কারের স্বার্থে গণপরিষদ গঠনের দাবি জানালেও পরে বিএনপির আলোচনার পরিপ্রেক্ষিতে সংস্কার পরিষদের দাবিতে একমত হই। তবে এখন বিএনপি একটি কৃত্রিম বিরোধ তৈরি করছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর মতে, বিএনপি জুলাই সনদ এবং জুলাই আদেশকে আলাদা করার চেষ্টা করছে, কারণ তারা জুলাই সনদকে নিজেদের দলীয় ইশতেহারে পরিণত করতে চায়।
সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে হলে গণভোটের কোনো বিকল্প নেই উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ঐক্যমত্য কমিশনের আলোচনায় বিএনপি এসব শর্ত মেনে নিলেও এখন তারা কথার বরখেলাপ করছে। তারা জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি সরকারকে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে এই রাজনৈতিক সংকটের সুরাহা করার দাবি জানান। জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে হলে দ্রুত এই পদক্ষেপ নিতে হবে বলে তিনি মনে করেন। অন্যথায় সৃষ্ট পরিস্থিতির জন্য সরকারকেই সব দায় নিতে হবে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ ছাড়াও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা এই আলোচনায় অংশ নেন। বক্তারা সবাই বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর ওপর জোর দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন