বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানের একঝাঁক নেতা

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১৬, ২০২৬, ০৯:৩২ এএম

শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানের একঝাঁক নেতা

এনসিপির সাংগঠনিক তৎপরতা

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্য ও ফ্যাসিবাদবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের একঝাঁক পরিচিত মুখ। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের শক্তি বৃদ্ধিতে বিভিন্ন মহলের সঙ্গে দলটির আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 

বিশেষ করে আপ বাংলাদেশের একটি বড় অংশসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতা, জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং ফ্রন্টলাইনের পরিচিত অনেক সংগঠক এনসিপিতে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। 

এমনকি বিএনপির ভেতরে থাকা একটি অংশের মেধাবী সন্তান এবং বিভিন্ন স্তরের বঞ্চিত নেতাদের সঙ্গেও এনসিপির আলোচনা অনেক দূর এগিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।এনসিপির নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে যে এবি পার্টি ও আপ বাংলাদেশের সঙ্গে দলটির দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। 

এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দেশ-বিদেশের একাডেমিশিয়ান, সিভিল সোসাইটির গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রথিতযশা ব্যবসায়ীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এর মধ্যে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতসহ সংগঠনের একটি বড় অংশের এনসিপিতে যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই আসতে পারে। এনসিপি মনে করে, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আলাদাভাবে লড়াই করার চেয়ে একক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি।

দলের শক্তিমত্তা বাড়ানোর এই প্রক্রিয়া সম্পর্কে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, গণতন্ত্রের পক্ষে এবং ফ্যাসিবাদবিরোধী যেকোনো শক্তি এনসিপিতে যুক্ত হলে তাকে স্বাগত জানানো হবে। জুলাই বিপ্লবে মাঠে সক্রিয় ভূমিকা রাখা তরুণদের একটি বড় অংশ দলটির সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছে। আলোচনা যথেষ্ট অগ্রগতির দিকে এগোচ্ছে বলে তিনি দাবি করেন। মূলত জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের ওপর শক্তিশালী চাপ সৃষ্টি করাই এনসিপির এই ঐক্যের মূল লক্ষ্য।

চলতি মাসের শেষ দিকে এনসিপির একটি সাধারণ সভা অনুষ্ঠানের কথা রয়েছে। সেখানে বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদ বাড়ানো এবং নতুন মুখ অন্তর্ভুক্ত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন সিএফ জানান, জুলাই শক্তিগুলোর পাশাপাশি বিএনপির বিভিন্ন স্তরের তরুণ নেতা, সাবেক আমলা ও সামরিক কর্মকর্তারাও তাদের সঙ্গে যোগাযোগ করছেন। তাদের অভিজ্ঞতা ও রাজনৈতিক জার্নি এনসিপিকে আগামীর বিকল্প শক্তি হিসেবে আবির্ভূত হতে সহায়তা করবে। জুলাই শক্তিগুলো ঐক্যবদ্ধ না থাকলে আগামীর বাংলাদেশ নিরাপদ করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে যে নির্বাচনের আগে সংস্কার নিয়ে বিএনপির যে অবস্থান ছিল, সরকার গঠনের পর তাতে কিছুটা পরিবর্তন এসেছে। বিশেষ করে গণভোট ও সাংবিধানিক সংস্কারের মতো বিষয়গুলোতে বিলম্ব হওয়ার কারণে জুলাই বিপ্লবের কারিগরদের মধ্যে এক ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এই ঝুঁকি মোকাবিলা করতেই মূলত জুলাইয়ের আকাঙ্ক্ষার পক্ষের সব শক্তিকে এনসিপির ছায়াতলে আনার চেষ্টা চলছে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা করা না গেলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটা অস্বাভাবিক নয়। ফলে সব মিলিয়ে এনসিপি এখন একটি বৃহত্তর রাজনৈতিক মোর্চা হিসেবে আত্মপ্রকাশ করার পথে হাঁটছে।