এপ্রিল ১৮, ২০২৬, ০৪:১৬ পিএম
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, বাংলাদেশে নারী শিক্ষার প্রসারে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। নারী শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং সুযোগ বৃদ্ধিতে তিনি যে সাহসী পদক্ষেপগুলো নিয়েছিলেন, তার সুফল আজ দেশের নারীরা ভোগ করছে।
শনিবার সকালে ফরিদপুরের সদরপুর উপজেলায় আয়োজিত এক সামাজিক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে সদরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, বাল্যবিয়ে ও আত্মহত্যা প্রতিরোধের লক্ষে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে এমপি বাবুল বলেন, বেগম খালেদা জিয়ার বিশেষ উদ্যোগের কারণেই দেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চলে নারী শিক্ষার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি মনে করেন, শিক্ষিত জাতি গঠনে নারীদের এগিয়ে আনার যে ভিত্তি তৈরি হয়েছিল, তা নারী শিক্ষায় তার অবদানকে অপরিসীম করে তুলেছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন শাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নজরুল ইসলাম। সভায় বক্তারা বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মধ্যে বেড়ে চলা সামাজিক অবক্ষয় ও অপরাধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, শুধু আইন প্রয়োগ করে মাদক বা বাল্যবিয়ের মতো অপরাধ দমন করা সম্ভব নয়। এর জন্য পারিবারিক শিক্ষার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার নজরুল ইসলাম শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান, যেন তারা সন্তানদের কার্যক্রমের ওপর সতর্ক দৃষ্টি রাখেন। বিশেষ করে অনলাইন জুয়া ও আত্মহত্যার প্রবণতা রোধে মানসিকভাবে শিক্ষার্থীদের পাশে থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
উপস্থিত বক্তারা একমত পোষণ করেন যে, ইভটিজিং এবং বাল্যবিয়ের মতো ব্যাধিগুলো সমাজ থেকে উপড়ে ফেলতে হলে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল তার বক্তব্যের শেষ পর্যায়ে সামাজিক শৃঙ্খলা রক্ষায় পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানান। সদরপুর উপজেলার এই সচেতনতামূলক সভাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন