এপ্রিল ২৫, ২০২৬, ০৯:৪৯ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে নির্মূল করার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই ধরনের হুমকিকে অগণতান্ত্রিক, অনভিপ্রেত এবং অসংবিধানিক বলে মন্তব্য করেছেন। শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি তার এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছিলেন যে, আগামীতে জামায়াতকে যেন পুরোপুরি রাজনৈতিকভাবে নির্মূল করা যায়, সেজন্য তাদের কাজ করতে হবে।
বিএনপি মহাসচিবের এই বক্তব্যের পরই জামায়াতের পক্ষ থেকে এমন কড়া প্রতিবাদ এলো।বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি মহাসচিবের এই অশোভন বক্তব্য কোনোভাবেই গণতন্ত্রের ভাষা হতে পারে না।
তিনি অভিযোগ করেন যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্যের মাধ্যমে মূলত গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানে বিতাড়িত আওয়ামী ফ্যাসিবাদীদের সুরেই কথা বলেছেন। একজন শীর্ষ পর্যায়ের দায়িত্বশীল নেতার কাছ থেকে দেশবাসী এমন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য আশা করে না বলে তিনি উল্লেখ করেন। জামায়াত নেতার মতে, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেশীয় রাজনীতিকে আবার সহিংসতা ও নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার একটি অশুভ ইঙ্গিত বহন করছে।
গোলাম পরওয়ার তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে, যখন দেশের ১৮ কোটি মানুষ একটি রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা থেকে মুক্তি পেয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন দেখছে, ঠিক তখন জাতীয় সংসদের একটি বিরোধী দলকে নির্মূলের ঘোষণা দেওয়া অত্যন্ত দুঃখজনক। তিনি মনে করেন, এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বিএনপি আবারও দেশে একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করার ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। কোনো দল যখন যুক্তি ও আদর্শ দিয়ে প্রতিপক্ষকে মোকাবিলা করতে ব্যর্থ হয়, তখনই তারা এমন উস্কানিমূলক ভাষার আশ্রয় নেয় বলে তিনি দাবি করেন।
বিবৃতিতে জামায়াত সেক্রেটারি অতীতে আওয়ামী লীগের সাড়ে ১৭ বছরের শাসনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ওই দীর্ঘ সময়ে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করেও জামায়াতে ইসলামীকে নির্মূল করা সম্ভব হয়নি। তিনি বিএনপি মহাসচিবকে এই ধরনের অপরিণামদর্শী বক্তব্য থেকে বিরত থেকে দেশের গণতান্ত্রিক পরিবেশকে সমুন্নত রাখার আহ্বান জানান।
জামায়াতকে ভয় দেখিয়ে কাবু করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, অতীতে যারা এই দলকে ধ্বংস করতে চেয়েছে তারাই বরং জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। জনগণের ম্যান্ডেট ছাড়া কাউকে রাজনৈতিকভাবে নির্মূল করা সম্ভব নয় বলেও তিনি বিএনপি নেতৃত্বের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। সবশেষে তিনি বিএনপিকে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরামর্শ দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন