শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

শেরে বাংলাকে যথাযথ মর্যাদা দেবে সরকার: নজরুল ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ১২:৫৯ পিএম

শেরে বাংলাকে যথাযথ মর্যাদা দেবে সরকার: নজরুল ইসলাম

অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের অবদানকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন যে, দীর্ঘ সময় ধরে এই মহান নেতার স্মৃতিগুলো পরিকল্পিতভাবে বিনষ্ট করা হয়েছে। 

সোমবার সকালে শেরে বাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর সংলগ্ন তিন নেতার মাজারে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপির পক্ষ থেকে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।

নজরুল ইসলাম খান বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন বাংলার সাধারণ মানুষের প্রকৃত নেতা। এ দেশের শিক্ষা ও বিচার ব্যবস্থার উন্নয়নে তাঁর ভূমিকা অনস্বীকার্য। 

বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও উচ্চ আদালত স্থাপনে তাঁর সাহসী উদ্যোগ চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও উল্লেখ করেন যে, শেরে বাংলার প্রবর্তিত প্রজাস্বত্ব আইনের সুফল বাংলাদেশের কৃষিজীবী মানুষ আজও ভোগ করছেন। অথচ দুর্ভাগ্যজনকভাবে জাতীয় পর্যায়ে তাঁকে নিয়ে বর্তমান সময়ে আলোচনা অনেক কমিয়ে দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।শ্রদ্ধা নিবেদনকালে শেরে বাংলার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। 

তাঁরা অভিযোগ করেন যে, বিভিন্ন সময়ে সচেতনভাবে পাঠ্যপুস্তক থেকে শেরে বাংলার গৌরবোজ্জ্বল ইতিহাস মুছে ফেলার চেষ্টা চালানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিএনপি সরকার এবং বর্তমান বিরোধী দলের কাছে জোরালো দাবি জানানো হয় যেন আগামীতে পাঠ্যপুস্তকে শেরে বাংলার জীবন ও অবদানকে যথাযথ গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত করা হয়। তাঁরা মনে করেন, নতুন প্রজন্মকে এই মহান নেতার সংগ্রামী ইতিহাস না জানালে জাতি হিসেবে আমাদের দৈন্য প্রকাশ পাবে।

নজরুল ইসলাম খান পরিবারের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, বিএনপি সবসময়ই জাতীয় নেতাদের যোগ্য সম্মান প্রদর্শনে বিশ্বাসী। শেরে বাংলার মতো নেতা যিনি বাঙালির রাজনৈতিক অধিকার আদায়ে আজীবন লড়েছেন, তাঁকে অবহেলা করার কোনো সুযোগ নেই। তিনি আশ্বাস দেন যে, আগামীতে রাষ্ট্রীয়ভাবে তাঁর স্মৃতি রক্ষা ও জাতীয় বীর হিসেবে তাঁর মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে মরহুম নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।