এপ্রিল ২৮, ২০২৬, ০৬:৩৪ পিএম
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। রাজধানীর সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মিশনের প্রধান ইভারস আইজবসের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিগত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের তৈরি পর্যবেক্ষণ রিপোর্টটি বিরোধীদলীয় নেতার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। বৈঠকে ইইউ প্রতিনিধিরা বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করা, রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কেও তারা তথ্য জানতে চান।
বৈঠকে ডা. শফিকুর রহমান দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি জানান, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে বিভিন্ন সংস্কারে বিএনপি একমত হলেও পরবর্তীতে বাস্তবায়ন নিয়ে টালবাহানা করছে। তিনি মনে করেন, এটি সাধারণ মানুষের আস্থা সংকটের কারণ হতে পারে। একইসঙ্গে তিনি দেশের বিভিন্ন স্থানে সরকারি দলের সহিংসতা এবং জামায়াতের সংসদ সদস্যদের ওপর হামলার ঘটনা উল্লেখ করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
বিরোধীদলীয় নেতা বলেন, দেশের বিভিন্ন স্থানে সরকারি দলের নেতাকর্মীদের সহিংসতা চলছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য দেখা দিচ্ছে। একাধিক স্থানে জামায়াতের সংসদ সদস্যরা আক্রমণের শিকার হচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।
সফররত ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের সদস্যরা আগামী নির্বাচন সুষ্ঠু করার লক্ষে বেশ কিছু সুপারিশমালা সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। অত্যন্ত আনুষ্ঠানিক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান এবং দলের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা দেশের রাজনৈতিক ভারসাম্য ও গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন