এপ্রিল ২৮, ২০২৬, ০৭:৪২ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেছেন, কার্ড দিয়ে সংকট সমাধান করা যাবে না। সংকট সমাধানের জন্য প্রয়োজন কার্যকরী পদক্ষেপ। সোমবার (২৭ এপ্রিল) রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের বিভিন্ন কার্ড পদ্ধতির সমালোচনা করে ড. মাসুদ প্রশ্ন তোলেন, ফ্যামিলি কার্ড বা এলপিজি কার্ড কি প্রতিটি পরিবার পাবে? যদি না পায় তাহলে রাষ্ট্র কি আবারও বৈষম্য সৃষ্টি করছে না? তিনি উল্লেখ করেন, গ্যাস সংকটে সরকার এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে।
কিন্তু কার্ড দিয়ে এই সমস্যার সমাধান হবে না। কার্ডের নামে জনগণকে ধোঁকা না দিয়ে সিন্ডিকেট বন্ধ করার আহ্বান জানান তিনি। তার মতে, সরকারি দলের নেতাকর্মী ও ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধ হলে বাজারে স্বস্তি ফিরে আসবে।
বক্তব্যে ড. মাসুদ দেশের প্রতিটি আন্দোলনে মেহনতি মানুষের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে কৃষক ও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই।একই সভায় বিএনপির শীর্ষ নেতাদেরও কঠোর সমালোচনা করেন ড. মাসুদ। তিনি দাবি করেন, আওয়ামী লীগ শাসনামলে বিএনপির অনেক নেতা `সিজনাল আসামি` সেজেছিলেন।
আন্দোলনের ডাক এলে তারা স্বেচ্ছায় গ্রেপ্তার হতেন এবং রিমান্ড এড়াতে হাসপাতালের উন্নত কেবিনে শুয়ে থাকতেন। জামায়াত-শিবিরের মতো তাদের জেল-জুলুম সহ্য করতে হয়নি বলেও তিনি মন্তব্য করেন।২০১৩ সালের ২৯ ডিসেম্বরের স্মৃতিচারণ করে ড. মাসুদ বলেন, বেগম খালেদা জিয়া যখন মার্চ ফর ডেমোক্রেসির ডাক দিয়েছিলেন, তখন বিএনপির শীর্ষ নেতাদের মোবাইল ফোন বন্ধ ছিল। কেউ রাজপথে নামেনি। সেদিন রাজপথে শুধু জামায়াত-শিবির ছিল এবং ছাত্রশিবিরের মনসুর শহীদ হন। যারা রাজপথে রক্ত দিয়েছে তাদের `গুপ্ত` বলা বিএনপির জন্য লজ্জার বলে তিনি উল্লেখ করেন।
সরকার গঠন ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, যারা নির্বাচনের আগে জাতীয় সরকারের কথা বলে এখন রায় মানছে না, তারাই আসল মোনাফেক। বিদেশে থাকা এক নেতার কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি আজ অন্যের দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হচ্ছেন এবং তাদের নির্দেশেই দেশে আওয়ামী লীগের পুনর্বাসন চলছে।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম। সেক্রেটারি মো. সোহেল রানা মিঠুর সঞ্চালনায় সভায় মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাংগঠনিক থানার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন