মে ৩, ২০২৬, ০২:৪২ পিএম
নিজের ক্যারিয়ার গড়ার লক্ষ্যে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাদ বাবু। রোববার (৩ মে) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।সাদ বাবু জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার মাজহারুল ইসলাম খাদেমের ছেলে।
তিনি ২০১৮-১৯ সাল থেকে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং ২০২১-২২ মেয়াদে জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে সাদ বাবু উল্লেখ করেন, দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় থাকার ফলে তাঁর জীবন থেকে অনেক মূল্যবান সময় ব্যয় হয়েছে এবং নিজের ক্যারিয়ারের বড় ধরণের ক্ষতি হয়েছে। তিনি লেখেন, “এখন আমার কাছে মনে হচ্ছে আমার জীবন থেকে অনেক সময় ব্যয় করে দিয়েছি ও নিজের ক্যারিয়ার অনেকটাই ক্ষতি করেছি।
এখন আমি আমার ক্যারিয়ারের দিকে নজর দিতে চাই। তাই আর রাজনীতিতে ফিরতে চাই না।”অব্যাহতির বিষয়ে তিনি আরও জানান, জামালপুর জেলা ও মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি পুরোপুরিভাবে সংগঠন থেকে সরে দাঁড়িয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে কারও সাথে অন্যায় বা খারাপ আচরণ করে থাকলে ছোট ভাই হিসেবে সবার কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
রাজনীতি ছাড়ার বিষয়ে জানতে চাইলে মো. সাদ বাবু বলেন, রাজনীতিতে দীর্ঘ সময় ব্যয় করার ফলে তিনি অনুভব করছেন যে ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়েছেন। এখন তাঁর ক্যারিয়ার পুনর্গঠনের উপযুক্ত সময়, তাই তিনি আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরতে চান না।জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল জানান, মো. সাদ বাবু আগের কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। তবে তাঁর রাজনীতি ছাড়ার বা ফেসবুক স্ট্যাটাসের বিষয়টি এখনও সভাপতির নজরে আসেনি বা তাঁকে জানানো হয়নি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন