রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আ.লীগ মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট করেছে : সারজিস আলম

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩, ২০২৬, ০৭:০৪ পিএম

আ.লীগ মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট করেছে : সারজিস আলম

বক্তব্য দিচ্ছেন সারজিস আলম

বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার মেগা প্রকল্পের নামে দেশে মেগা লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সাথে ভবিষ্যতে যেন উন্নয়ন প্রকল্পের নামে এমন কোনো দুর্নীতি না হয়, সে বিষয়ে বর্তমান সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি।

রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন। এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক এই সভার আয়োজন করে।

সারজিস আলম তাঁর বক্তব্যে উল্লেখ করেন, গত ১৬ থেকে ১৭ বছরে দেশ থেকে প্রায় ১১ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে অনেকগুলো বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হতো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সম্পদ ও আর্থিক অনিয়মের সমালোচনা করে তিনি বলেন, এই লুটপাটের কারণে দেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে গেছে।

সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর বিপুল সম্পদের কথা উল্লেখ করে তিনি বলেন, পিয়নেরই যদি প্রায় ৪০০ কোটি টাকা থাকে, তবে ওপরের পর্যায়ের অবস্থা সহজেই অনুমেয়। এ ছাড়াও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের লন্ডনে ৩৬০টি বাড়ি এবং সালমান এফ রহমান সাতটি ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা লুটপাট করেছেন বলে তিনি অভিযোগ করেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে গুরুতর অভিযোগ তুলে সারজিস আলম বলেন, ১ লাখ ২০ হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকা কমিশন নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, টিউলিপ সিদ্দিকীকে সমঝোতাকারী হিসেবে ব্যবহার করে শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয়ের একটি সিন্ডিকেট এই অর্থ মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বিদেশে পাচার করেছে।

দেশের অর্থনীতি ও সুশাসন ফিরিয়ে আনতে পাচার করা অর্থ ফেরত আনা এবং দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মেগা প্রকল্পের নামে যেন ভবিষ্যতে আর কোনো মেগা ডাকাতি না হয়, সেদিকে কড়া নজরদারি রাখতে হবে।