মে ৫, ২০২৬, ১০:০৬ এএম
রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মের ঘটনা তদন্তে স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ওই দিনের ঘটনায় প্রকৃত সত্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করা জরুরি। শাপলা চত্বরের এই ঘটনাকে দেশের ইতিহাসের একটি ‘বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়’ হিসেবে অভিহিত করেন জামায়াত আমির।
ধর্মপ্রাণ জনতার ওপর সেদিনের অভিযান জাতির বিবেককে নাড়া দিয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। শফিকুর রহমান বলেন, এ ধরনের ঘটনা মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার সম্পন্ন হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক।সুষ্ঠু বিচার না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনমনে হতাশা ও ক্ষোভ বাড়ছে বলে তিনি উল্লেখ করেন। দেশে বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা জানান, একটি সভ্য রাষ্ট্রে এ ধরনের পরিস্থিতি কাম্য নয়।
গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। সেই অধিকার দমনে শক্তি প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে তিনি মন্তব্য করেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদঘাটন ও দায়ীদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন শফিকুর রহমান।সবশেষে তিনি দেশবাসীর প্রতি শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন