মে ৮, ২০২৬, ০৬:৪৬ পিএম
‘জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো’—নিজের এই আলোচিত মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির নবনির্বাচিত এমপি নিলোফার চৌধুরী মনি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে উপস্থিত হয়ে তিনি এই ব্যাখ্যা দেন। ওই অনুষ্ঠানে জামায়াতের সংসদ সদস্য মারদিয়া মমতাজও উপস্থিত ছিলেন।
পুর্বের একটি টকশোতে করা ওই মন্তব্য নিয়ে উপস্থাপক প্রশ্ন করলে নিলোফার মনি বলেন, সেদিন জামায়াতের এক নেতা বিএনপিকে চাঁদাবাজ ও হাওয়া ভবনের সঙ্গে জড়িয়ে আক্রমণাত্মক কথা বলেছিলেন। তার প্রেক্ষিতেই তিনি ওই যুক্তি দিয়েছিলেন। মনি বলেন, চাঁদাবাজি অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ।
তবে কেউ যদি অপরাধের শাস্তি হিসেবে জেল খাটে, তবে আইনত সেই জায়গাটি পরিষ্কার হয়ে যায়।মনির মতে জাকাত গরিবের অধিকার।বিএনপির এই নেত্রী বলেন, ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হচ্ছে জাকাত।
এটি ধনীদের পক্ষ থেকে গরিবদের জন্য অধিকার, কোনো দয়া বা দান নয়। কিন্তু জাকাতের টাকা যদি রাজনীতিতে বা ধনীদের নিজেদের প্রয়োজনে ব্যয় হয়, তবে তা ধর্মীয় বিধানের লঙ্ঘন।জামায়াতের সাংগঠনিক কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন মানুষের চাকরি বা ব্যবসা থেকে বাধ্যতামূলক ৫ শতাংশ করে টাকা নেওয়া হয়। এই অর্থ দিয়ে হাসপাতাল, ব্যাংক ও পরিবহন ব্যবসা করা হয়। জাকাত গরিবদের জন্য, রাজনীতির জন্য নয়। আমিরের গাড়ি বা তেলের টাকা যদি জাকাত থেকে আসে, তবে সেটি আরও খারাপ পরিস্থিতি তৈরি করে।
নিলোফার মনি আরও বলেন, একজন ধনী মানুষের জন্য জাকাত দেওয়া ফরজ। কিন্তু সেই ধনী ব্যক্তি যদি নিজেই জাকাতের টাকা ব্যবহার করেন বা ভোগ করেন, তবে তা ইসলামের মূল চেতনার পরিপন্থী। মূলত জাকাতের টাকা অপব্যবহারের বিষয়টি বোঝাতেই তিনি পূর্বের ওই মন্তব্য করেছিলেন বলে জানান।টকশোতে উপস্থিত জামায়াত নেত্রী মারদিয়া মমতাজের সঙ্গে এ সময় তাঁর বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে বিতর্ক হয়। নিলোফার মনি দাবি করেন, জাকাতের টাকা কোথায় ব্যবহার হচ্ছে, সেই স্বচ্ছতা থাকা জরুরি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন