বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

এক বছরেই শক্তিশালী অবস্থানে তরুণদের দল এনসিপি

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৯, ২০২৬, ০৯:২১ এএম

এক বছরেই শক্তিশালী অবস্থানে তরুণদের দল এনসিপি

এনসিপির ঢাকা উত্তরের যোগদান কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিষ্ঠার এক বছরের মাথায় নিজেদের সাংগঠনিক ভিত্তি শক্ত করতে শুরু করেছে। বিরোধী জোটের শরিক হিসেবে ইতোমধ্যে দলটি দেশের রাজনীতিতে নতুন সম্ভাবনাময় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। গত এক বছরে পাঁচ দফায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতারা এই দলে যুক্ত হয়েছেন। 

কেন্দ্রীয় পর্যায়ে আরও কয়েক দফায় নতুন মুখ অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।এনসিপির বর্তমান তৎপরতা শুধু কেন্দ্রেই সীমাবদ্ধ নয়, বরং বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়েও নতুন নেতাকর্মী যোগদানের প্রবণতা বাড়ছে।

 দলটির সাংগঠনিক কাঠামোকে পূর্ণাঙ্গ করার লক্ষ্যে শিগগিরই একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হতে পারে। একই সঙ্গে কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কমিটি গঠনের প্রাথমিক প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। সহযোগী সংগঠনগুলোকে পুনর্গঠন করার মাধ্যমে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ করে একটি মধ্যপন্থি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়ানোর চেষ্টা করছে দলটি।

এনসিপির একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার প্রক্রিয়া চলমান রয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে ঢাকা ও চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্ল্যাটফর্মের নেতাকর্মীরা এনসিপিতে যোগ দিয়েছেন। চট্টগ্রামে নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, এনসিপির পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এই ঐক্যই দলটির সবচেয়ে বড় শক্তি।

গত ২৪ এপ্রিল ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, এনসিপির ছায়াতলে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে তারুণ্যের নেতৃত্ব নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে দল। প্রতি সপ্তাহে নতুন নতুন যোগদানকারীদের পরিচয় করিয়ে দেওয়া হবে বলেও তিনি জানান।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, এনসিপিতে নতুনদের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াটি একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ার অংশ। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অঞ্চলের প্রভাবশালী ও জনপ্রিয় রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিরা দলটির সঙ্গে যুক্ত হচ্ছেন। তিনি আরও বলেন, জনগণের মধ্যে এনসিপির প্রতি বড় ধরনের সমর্থন থাকলেও সময়ের স্বল্পতার কারণে এখনো তৃণমূল পর্যন্ত পূর্ণাঙ্গ কাঠামো দাঁড় করানো সম্ভব হয়নি। তবে এখন সেই লক্ষ্যেই দ্রুত কাজ চলছে।

দলীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, যারা এনসিপিতে যোগ দিচ্ছেন তাদের যোগ্যতা অনুযায়ী কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিভিন্ন কমিটিতে পদায়ন করা হচ্ছে। কেন্দ্রীয় কমিটিতে ইতোমধ্যে বেশ কিছু নতুন মুখ দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে শিগগিরই ২৫ থেকে ৩০ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। এই পরিষদে শিক্ষাবিদ, সাবেক সামরিক কর্মকর্তা এবং ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিদের রাখা হতে পারে। চলতি মাসের প্রথমার্ধেই এই পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নীতিনির্ধারকরা।

আসিফ মাহমুদ বলেন, সিনিয়রদের অভিজ্ঞতা এবং পরামর্শকে কাজে লাগানোর জন্যই উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে। তাদের বুদ্ধি ও দিকনির্দেশনা দলকে আরও সুসংগঠিত করবে। পাশাপাশি জাতীয় যুবশক্তি, জাতীয় ছাত্রশক্তি এবং নারীশক্তিসহ অন্যান্য সহযোগী সংগঠনগুলোকেও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ঢাকা মহানগরের ওয়ার্ড কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে।

দলটির নেতারা মনে করছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষ একটি নতুন মধ্যপন্থি বিকল্প শক্তির সন্ধান করছে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, জুলাই শক্তিগুলোর ঐক্য প্রক্রিয়াটি একটি পর্যায়ে পৌঁছালে সাংগঠনিক কাঠামো আরও দৃশ্যমান হবে। এনসিপির কার্যক্রমে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। দলের মূল লক্ষ্য এখন তৃণমূল পর্যন্ত সাংগঠনিক বিস্তার ঘটানো।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, এনসিপি এখন রাজনীতির আগামীর বিকল্প শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। দেশপ্রেমী এবং সংস্কারের পক্ষে থাকা যে কেউ এই দলে আসতে চাইলে তাকে স্বাগত জানানো হবে। এছাড়া এনসিপির পক্ষ থেকে দলিত ও হরিজনসহ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ‘জাতীয় জনজাতি জোট’ এবং প্রতিবন্ধীদের জন্য ‘জাতীয় প্রতিবন্ধী নাগরিক শক্তি’ নামে সহযোগী সংগঠন তৈরি করা হয়েছে। প্রবাসীদের জন্য গঠন করা হয়েছে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’।

সর্বশেষ শুক্রবার রাজধানীর বাংলামোটরে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রায় ৩০০ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। এই যোগদান অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন। যোগদানকারীদের মধ্যে আপ বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এবি পার্টির সাবেক নেতাদের পাশাপাশি বিএনপির সাবেক কিছু বহিষ্কৃত নেতাও রয়েছেন। এছাড়া পোশাক শ্রমিকদের একটি বড় অংশও অচিরেই এনসিপির শ্রমিক সংগঠনে যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।