মে ১১, ২০২৬, ০৭:০৩ পিএম
শেরপুরে ৪৭ বছর আগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা একটি খাল পুনরায় খননের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে কাটাখালি খালের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
পরিদর্শনকালে ডা. প্রিয়াঙ্কা দুর্গম চরাঞ্চলের কৃষকদের নানা সমস্যার কথা শোনেন। একপর্যায়ে তিনি নিজেই কাঁচি হাতে মাঠে নেমে কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নেন।
সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের কাটাখালি খালের পয়স্তির চর ও টানকাছার গ্রামের প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ ভরাট হয়ে যাওয়া এই খালটি পুনঃখননের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ মে। পরিদর্শনকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স উপস্থিত ছিলেন।
এ সময় ডা. প্রিয়াঙ্কা বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে শেরপুরের এই খালসহ বেশ কয়েকটি খালের খনন কাজ উদ্বোধন করেছিলেন। সেই ধারাবাহিকতায় এই খাল খননকে সবার আগে প্রাধান্য দেওয়া হয়েছে। ক্রমান্বয়ে অন্যান্য খালগুলোও খনন করা হবে বলে তিনি জানান।তিনি আরও উল্লেখ করেন, এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
এ ছাড়া ৬ নম্বর চরের মানুষের দুর্ভোগ লাঘবে রাস্তা ও সেতুর কাজ দ্রুত শুরু করার প্রতিশ্রুতি দেন তিনি।পরিদর্শনকালে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান এবং প্রকল্প কর্মকর্তা রাকিবুল হাসান উপস্থিত ছিলেন। এ ছাড়া শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী, সদস্য সচিব সাইফুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব মো. জাফর আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন