মে ১২, ২০২৬, ০২:১৩ পিএম
ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের দেয়াল নির্মাণ এবং অব্যাহত সীমান্ত হত্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। সোমবার (১১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।
নাসীরুদ্দীন পাটোয়ারী তার পোস্টে উল্লেখ করেন, সীমান্তে নতুন করে কাঁটাতারের জন্য জমি বরাদ্দ ও বিভেদের দেয়াল নির্মাণের সাম্প্রতিক উদ্যোগ কেবল দুই দেশের সম্পর্ক নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের জন্যই নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।
তিনি মনে করেন, সীমান্ত কেবল মানচিত্রের রেখা নয়; এটি মানুষের জীবন, মানবাধিকার এবং পারিবারিক বন্ধনের সঙ্গে গভীরভাবে জড়িত।সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে তিনি বলেন, এই হত্যাকাণ্ডগুলো বিশ্বজুড়ে মানবিক বিবেককে নাড়া দিচ্ছে।
নাসীরুদ্দীনের মতে, একটি সভ্য বিশ্বে সীমান্ত ব্যবস্থাপনা ভয় বা গুলি দিয়ে নয়, বরং পারস্পরিক সম্মান এবং মানবিক মূল্যবোধের মাধ্যমে পরিচালিত হওয়া উচিত। প্রতিটি মানুষের জীবন ও মর্যাদা সুরক্ষিত রাখতে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার ওপর তিনি জোর দেন।বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, এমন কোনো পদক্ষেপ কাম্য নয় যা দুই দেশের জনগণের মধ্যে অবিশ্বাস বা দূরত্ব তৈরি করে। বর্তমানে দক্ষিণ এশিয়ার জন্য দেয়াল বা সংঘাতের চেয়ে পারস্পরিক সহযোগিতা ও আস্থা বেশি প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি বাংলাদেশ সরকারের প্রতি জোরালো আহ্বান জানান। সীমান্ত হত্যা, মানবাধিকার লঙ্ঘন এবং সম্প্রতি সীমান্তে পরিকাঠামো নির্মাণের বিষয়ে দ্রুত কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে বিষয়টি আন্তর্জাতিক মহলে শক্তভাবে উপস্থাপন করে দেশের সার্বভৌম স্বার্থ ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
নাসীরুদ্দীন পাটোয়ারী তার স্ট্যাটাসটি শেষ করেন একটি স্থিতিশীল ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার প্রত্যাশা দিয়ে। তিনি মনে করেন, মানবাধিকার ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই একটি শান্তিপূর্ণ অঞ্চল গড়ে তোলা সম্ভব। এই স্ট্যাটাসটি প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন