মে ১২, ২০২৬, ০৫:২২ পিএম
বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতিসহ পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।সোমবার (১১ মে) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে ঢাকার ভারতীয় হাইকমিশনের মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।
মঙ্গলবার (১২ মে) জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্যের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।শুভেচ্ছা বার্তায় জি এম কাদের বলেন, শুভেন্দু অধিকারীর ঐতিহাসিক নির্বাচনী বিজয় ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এই সাফল্য শুধু বিজেপির জন্য নয়, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অভিযাত্রার জন্যও তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে শুভেন্দু জনগণের আস্থা অর্জন করেছেন উল্লেখ করে জাপা চেয়ারম্যান জানান, তিনি এমন একটি রাজনৈতিক ও জনসেবামূলক ঐতিহ্যের ধারক যা সচরাচর দেখা যায় না।
জাপা চেয়ারম্যান আরও উল্লেখ করেন, শুভেন্দু অধিকারীর বাবা শিশির কুমার অধিকারী ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও দীর্ঘদিনের সংসদ সদস্য হিসেবে কাজ করেছেন। কাঁথি পৌরসভা থেকে জাতীয় সংসদ পর্যন্ত বিস্তৃত সেই পারিবারিক জনসেবার ঐতিহ্য শুভেন্দু অধিকারীর নেতৃত্ব গঠনে ভূমিকা রেখেছে। নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে বিধানসভায় ধারাবাহিক দায়িত্ব পালন ও সংসদ সদস্য হিসেবে দীর্ঘ রাজনৈতিক পথচলায় শুভেন্দু অধিকারী তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছেন।
বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘ স্থলসীমান্ত থাকার বিষয়টি উল্লেখ করে জি এম কাদের বলেন, দুই বাংলার মানুষের মধ্যে শতাব্দীব্যাপী সাংস্কৃতিক, ভাষাগত ও মানবিক সম্পর্ক বিদ্যমান। তাঁর নেতৃত্বে দুই অঞ্চলের মধ্যে বাণিজ্য ও সহযোগিতার নতুন পথ তৈরি হবে। জাতীয় পার্টি সবসময় সীমান্তের উভয় পাশের সাধারণ মানুষের কল্যাণে বিশ্বাস করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।শুভেচ্ছা বার্তার শেষে জি এম কাদের শুভেন্দু অধিকারীর নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে দুই বাংলার জনগণের মধ্যে সৌহার্দ্য ও সদ্ভাব আরও বৃদ্ধির আশা প্রকাশ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন