রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে হেফাজতের কর্মসূচি

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১২, ২০২৬, ১১:০৬ পিএম

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে হেফাজতের কর্মসূচি

ভারতে মুসলমানদের ওপর চলমান নির্যাতনের ঘটনায় বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে নিন্দা জানানো এবং কূটনৈতিক পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একইসঙ্গে ভারত সরকারের কাছে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী শুক্রবার (১৫ মে) চট্টগ্রাম মহানগরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম।

সোমবার (১১ মে) বিকেলে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিম নিধন ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমির এসব কথা বলেন।

হেফাজত ইসলাম হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মুফতি মোহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আল্লামা বাবুনগরী বলেন, বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এসব সহিংস কর্মকাণ্ডে উগ্রপন্থী বিজেপি সমর্থকদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। 

ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর এমন হামলা কোনো সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উসকানিমূলক বক্তব্যকেই মুসলমানদের ওপর হামলার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন হেফাজত আমির। তিনি বলেন, নির্বাচনে জেতার পর ওই বিজেপি নেতা প্রকাশ্যে বলেছেন যে তাকে মুসলমানরা ভোট দেয়নি। এ ধরনের বক্তব্য মুসলিমবিরোধী মনোভাব উসকে দেওয়ার পাশাপাশি হামলাকারীদের পরোক্ষভাবে উৎসাহিত করছে। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে এমন বক্তব্য অত্যন্ত দুঃখজনক বলে তিনি জানান।

সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার ও মাওলানা কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মো. ঈসা, মাওলানা জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, প্রচার সম্পাদক মাওলানা মাসউদ আলম চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।