মে ১৩, ২০২৬, ০৯:২৮ পিএম
ভারতে মুসলিম সম্প্রদায়ের ওপর নির্যাতন, সাম্প্রদায়িক সহিংসতা এবং সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বুধবার (১৩ মে) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সময়ে সংঘটিত সাম্প্রদায়িক উত্তেজনা ও হামলার ঘটনায় মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ-ভারত সীমান্তে বিভিন্ন সময়ে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। সীমান্তে সংঘটিত এই ধরনের কর্মকাণ্ড দুই দেশের জনগণের পারস্পরিক আস্থা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর বলে তিনি মন্তব্য করেন।
সাজিদুর রহমান বলেন, ঐতিহাসিক বন্ধুত্ব ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার স্বার্থে যেকোনো সাম্প্রদায়িক সহিংসতা এবং সীমান্তে নিরস্ত্র মানুষ হত্যার ঘটনা দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করা জরুরি। অন্যথায় তা প্রতিবেশী দেশগুলোর মানবিক সম্পর্কের অবনতি ঘটাতে পারে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতের সেক্রেটারি মাওলানা আলী আজমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জামিয়া ইউনুসিয়ার নায়েবে মুহতামিম মাওলানা আখতার, শিক্ষা সচিব মুফতি শামসুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখার সভাপতি মাওলানা মারুফ কাসেমী। বক্তারা অবিলম্বে ভারতের মুসলিমদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেদেশের সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে জেলা ও উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন। কর্মসূচি চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন