শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

হঠাৎ চোখে অন্ধকার দেখতে শুরু করি: নাসীরুদ্দীন পাটওয়ারী

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৫, ২০২৬, ১০:০০ এএম

হঠাৎ চোখে অন্ধকার দেখতে শুরু করি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঝিনাইদহে হামলার তিন দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতার বিস্তারিত তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গত শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে তার ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে পোস্টে দাবি করেছেন তিনি। 

হামলায় ডিম নিক্ষেপ, ঘুষি, ধাক্কা ও হকিস্টিক ব্যবহারের অভিযোগ করেছেন এই নেতা।পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই এ ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন।

পোস্টে তিনি জানান, ঝিনাইদহে ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরের কবর জিয়ারত ও আস-সুন্নাহ ট্রাস্ট পরিদর্শনে গিয়েছিলেন তিনি। কোর্ট জামে মসজিদে নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে তাকে হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তিনি চোখে অন্ধকার দেখতে শুরু করেন এবং বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। 

সহযোদ্ধারা ব্যারিকেড তৈরি করে তাকে রক্ষা করতে গেলে অনেকের মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়।স্থানীয় পুলিশ সদস্যদের বিরুদ্ধে হামলার মদত দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।হামলার পর এনসিপির নির্ধারিত কর্মসূচি ও নিরাপত্তা দাবি করতে থানায় যান তারা। পাটওয়ারী দাবি করেন, মামলা নিতে গড়িমসি ও বিদ্যুৎ বিভ্রাটের অজুহাতে প্রায় আট ঘণ্টা অপেক্ষা করানো হয়। 

শেষ পর্যন্ত প্রভাবশালী ব্যক্তির নাম মামলা থেকে বাদ দেওয়ার শর্তে পুলিশ মামলা গ্রহণে রাজি হয় বলে অভিযোগ তার। বর্তমানে এনসিপি নেতাকর্মীদের বাড়িতে ভয়ভীতি প্রদর্শন ও গ্রেপ্তারের ঘটনা ঘটছে বলেও জানিয়েছেন তিনি।নিজের নিরাপত্তা ও সুবিচারের দাবি জানিয়েছেন এই এনসিপি নেতা।