বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

প্লাস্টিক বর্জ্য দিলে মিলছে গাছের চারা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৫, ২০২৬, ০২:৪২ পিএম

প্লাস্টিক বর্জ্য দিলে মিলছে গাছের চারা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিক দূষণ রোধ ও নগরবাসীকে সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। প্লাস্টিকের বোতল জমা দিলে বিনামূল্যে গাছের চারা বিতরণের দশ দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর মহাখালীর টি অ্যান্ড টি মাঠে কর্মসূচির সূচনা করেন সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার নিশ্চিত করাই এই কর্মসূচির লক্ষ্য।মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, পরিবেশ সংরক্ষণ ও দূষণমুক্ত নগরী গঠনে তারা দীর্ঘদিন ধরেই কাজ করছেন। এই কর্মসূচির মাধ্যমে ঢাকাকে আরও সবুজ ও পরিচ্ছন্ন করে গড়ে তোলাই তাদের উদ্দেশ্য। তিনি মনে করেন, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণের কারণে নগরবাসীর জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে।

সৎ নেতৃত্ব ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।তিনি বলেন, বায়ুদূষণ ও শব্দদূষণ রোধে কার্যকর পরিকল্পনা প্রয়োজন। প্রতিটি ভবনে ছাদবাগান গড়ে তোলা এবং বৃক্ষরোপণ বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

যুবসমাজকে পরিবেশ আন্দোলনে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণেরাই এই পরিবর্তনের প্রধান শক্তি।রাজধানীতে বছরে অন্তত একদিন যানবাহনমুক্ত দিবস পালনের দাবি জানিয়েছেন তিনি।এই দিবসে যান্ত্রিক যানবাহনের পরিবর্তে সাইকেল ও হাঁটার সংস্কৃতি উৎসাহিত করার প্রস্তাব দেন তিনি। 

এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন। কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।তিনি গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।কয়েকজনকে প্লাস্টিকের বোতলের বিনিময়ে গাছ উপহার দিয়ে এই কার্যক্রম শুরু করা হয়। বক্তারা বলেন, নগরবাসীর সম্মিলিত প্রচেষ্টাই ঢাকাকে বাসযোগ্য করে তোলার মূল চাবিকাঠি।