জুন ৫, ২০২৬, ০৪:৩৮ পিএম
শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করা, খুনিদের দেশে ফিরিয়ে আনা ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে ওসমান হাদির সমাধিস্থলের সামনের রাস্তায় গিয়ে শেষ হয়। এই হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানান তারা।
আগামী সাতদিনের মধ্যে বিচার নিশ্চিত করার সময়সীমা বেঁধে দিয়েছে সংগঠনটি।ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার তিন মাস পার হলেও হাদি হত্যার বিচারে কোনো সুনির্দিষ্ট রূপরেখা পাওয়া যায়নি।
তিনি অভিযোগ করেন, সরকার বারবার বিচারের প্রক্রিয়া চলার কথা বললেও এর কোনো শেষ দেখা যাচ্ছে না। ভারতের রাজনৈতিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করার প্রয়োজন ছিল বলেও তিনি মনে করেন।বিক্ষোভকারীরা কোনো নতুন আল্টিমেটাম দেবে না বলে জানান।
আব্দুল্লাহ আল জাবের বলেন, সরকারের পক্ষ থেকে দফা ও সময়সীমা দেওয়ার সময় শেষ হয়েছে। এখন থেকে সরকারকেই বিচারের পূর্ণাঙ্গ পরিকল্পনা জানাতে হবে। যদি আগামী সাতদিনের মধ্যে জাতিসংঘের মাধ্যমে তদন্তের অগ্রগতি ও ভারতের সঙ্গে যোগসূত্রের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া না যায়, তবে চূড়ান্ত আন্দোলনের ডাক দেওয়া হবে। জনগণের অংশগ্রহণে শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করবে ইনকিলাব মঞ্চ।তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি।
জাতিসংঘের অধীনে তদন্তের অগ্রগতি সম্পর্কে সরকারের নীরবতায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন। ভারত ও বাংলাদেশের যোগসূত্র নিয়ে যে গুঞ্জন রয়েছে, তার পূর্ণাঙ্গ তদন্তের দায়িত্ব সরকারকে নেওয়ার আহ্বান জানান তারা। দ্রুততম সময়ে খুনিদের বিচার সম্পন্ন করা এখন সময়ের দাবি বলে তিনি উল্লেখ করেন।
সরকারকে পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।বিক্ষোভ মিছিলে ইনকিলাব মঞ্চের কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। বিচারহীনতার সংস্কৃতির অবসানে কঠোর কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ হয়। এ সময় দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন