জুন ৬, ২০২৬, ১১:৪৩ এএম
তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং সীমান্তে পুশইনের প্রতিবাদে ঢাকা মহানগরীতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। আগামীকাল রোববার বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হবে। শুক্রবার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী সদস্যদের জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ সভায় সভাপতিত্ব করেন।নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে ক্রমাগত নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ তেল-গ্যাসের দাম বাড়ানো হচ্ছে।
এটি জনস্বার্থবিরোধী এবং জনগণের সাথে প্রতারণার শামিল। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হয়রানি ও পুশইনের ঘটনাকেও সার্বভৌমত্বের জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেন তারা। অবিলম্বে বিদ্যুৎ, তেল ও গ্যাসের মূল্য কমানো এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন নেতারা।
বিক্ষোভ কর্মসূচি সফল করতে সংগঠনের সব নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।পাশাপাশি সভায় ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। উৎসবের সময়ে সড়কের অব্যবস্থাপনা রোধে সরকারকে দীর্ঘমেয়াদি কার্যকর পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান নেতারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন