জুন ৯, ২০২৬, ০৫:৫৬ পিএম
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য ও আনুষ্ঠানিক বৈঠক করেছেন। মঙ্গলবার ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলটি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠকে অংশ নেন।
বৈঠকে সাম্প্রতিক গণভোটে অনুমোদিত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কারগুলো দ্রুত বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া, আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে ইইউ ইলেকশন অবজারভেশন টিমের সুপারিশসমূহ পর্যালোচনা করা হয়েছে।
প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণ এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেছেন।এনসিপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বৈঠকে উপস্থিত ছিলেন। ইইউ প্রতিনিধি দলে রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে ছিলেন ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা এবং ফার্স্ট সেক্রেটারি সেবাস্তিয়ান রিগার ব্রাউন।
আলোচনার শেষে দুই পক্ষই চলমান সংলাপ প্রক্রিয়া অব্যাহত রাখা এবং গঠনমূলক আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠক শেষে এনসিপি নেতারা ইইউ প্রতিনিধি দলকে ঐতিহাসিক জুলাই বিপ্লবের বিভিন্ন গ্রাফিতি পরিদর্শন করান।
এ সময় বিপ্লবের সময়কার তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক চেতনার প্রতিফলন ইইউ প্রতিনিধি দলের কাছে তুলে ধরা হয়। আন্তর্জাতিক মহলের সঙ্গে এনসিপির এই বৈঠককে বাংলাদেশের রাজনৈতিক ও নির্বাচন প্রক্রিয়ার ওপর ইইউ-এর আগ্রহ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন