রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ব্যাংক লুটে দুর্নীতিবাজদের বসাচ্ছে সরকার: আব্দুল্লাহ মো. তাহের

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৯, ২০২৬, ০৮:৩২ পিএম

ব্যাংক লুটে দুর্নীতিবাজদের বসাচ্ছে সরকার: আব্দুল্লাহ মো. তাহের

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ ও ব্যাংকটির বর্তমান পরিস্থিতি নিয়ে সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার (৯ জুন) বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় তিনি অভিযোগ করেন, ব্যাংকটি যখন ঘুরে দাঁড়াচ্ছিল, তখন সরকার লুটপাটের উদ্দেশ্যে সেখানে ‘দুর্নীতিবাজ’ ব্যক্তিদের বসিয়েছে।

আব্দুল্লাহ মো. তাহের বলেন, “বিগত স্বৈরাচারী সরকারের আমলে এস আলম গ্রুপের লুটপাটের পর ব্যাংকটি ধ্বংসের দ্বারপ্রান্তে ছিল। গণঅভ্যুত্থানের পর গ্রাহকদের আস্থায় এটি আবার প্রাণ ফিরে পায়।

কিন্তু বর্তমানে সরকার টাকা উদ্ধারের পরিবর্তে জনগণের আমানত লুটপাটের নতুন ব্যবস্থা করছে।” তিনি বর্তমান চেয়ারম্যানের নিয়োগের কড়া সমালোচনা করে বলেন, ব্যাংকটি এখন এমন ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে, যার বিরুদ্ধে অতীতে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, বিগত শাসনামলে ডিজিএফআই ব্যবহার করে জোরপূর্বক এস আলম গ্রুপ ব্যাংকের ৮২ শতাংশ শেয়ার দখল করেছিল। তিনি দাবি করেন, “জোরপূর্বক দখল করা শেয়ার প্রকৃত মালিকদের কাছে অবিলম্বে ফেরত দিতে হবে। এছাড়া বিগত সময়ে সৎভাবে দায়িত্ব পালন করা চেয়ারম্যান ও এমডিকে কেন পদত্যাগ করতে বাধ্য করা হলো, তার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

বিরোধীদলীয় উপনেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসলামী ব্যাংকটি দেশের তিন কোটি গ্রাহকের আস্থার প্রতীক। যদি সৎ লোকদের মাধ্যমে ব্যাংকটি পরিচালনার ব্যবস্থা না করা হয়, তবে গ্রাহকরা রাস্তায় নামতে বাধ্য হবেন এবং দেশে বড় ধরনের গণআন্দোলন গড়ে উঠবে। তিনি এস আলমের দোসরদের ব্যাংকে নিয়োগের প্রক্রিয়া বন্ধ করে স্বচ্ছ ও দক্ষ ব্যক্তিদের নিয়োগের দাবি জানান। ব্যাংকিং খাতে এই অস্থিরতা ও লুটপাটের রাজনীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইসলামী ব্যাংক রক্ষা করা এখন জনগণের অন্যতম দাবিতে পরিণত হয়েছে।