জুন ১১, ২০২৬, ০৭:৪০ পিএম
দেশের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোমলমতি শিক্ষার্থীদের জন্য নাচ, গান ও নাটকসহ অনৈসলামিক শিক্ষা এবং পশ্চিমা অপসংস্কৃতি অন্তর্ভুক্তির নতুন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদে আজ রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার উদ্যোগে আয়োজিত এই বিশাল কর্মী সমাবেশে সংগঠনের শীর্ষ স্থানীয় নারী নেত্রীরা বর্তমান শিক্ষা নীতিমালার ওপর কড়া ক্ষোভ প্রকাশ করেন।
সমাবেশে উপস্থিত বক্তারা এই সিদ্ধান্তকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের পরিপন্থী এবং ধ্বংসাত্মক বলে আখ্যায়িত করেন।তারা হুঁশিয়ারি দিয়ে বলেন যে কোনো অবস্থাতেই প্রাথমিক স্তরের কারিকুলামে পশ্চিমা ও ব্রাহ্মণ্যবাদী অপসাংস্কৃতিক আগ্রাসন মেনে নেওয়া হবে না।কর্মী সমাবেশে নেতারা অভিযোগ করেন যে দেশের সার্বিক আইনশৃঙ্খলার চরম অবনতি এবং নিত্যদিন হত্যা, ধর্ষণ ও পাশবিক নির্যাতনের ঘটনা যখন আশঙ্কাজনকভাবে বেড়েই চলছে, তখন সরকার এসবের মূল উৎস অশ্লীলতা নিয়ন্ত্রণ বা পারিবারিক-ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় রোধে কোনো কার্যকর আইনি উদ্যোগ গ্রহণ করছে না।
অথচ উল্টো প্রাথমিক বিদ্যালয়ে নাচ, গান ও নাটক চর্চার ব্যবস্থা করে রাষ্ট্রের কোষাগার খালি করাসহ ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শিক্ষাঙ্গনে সুস্থ সংস্কৃতি চর্চা ও খেলাধুলার আরো সুষ্ঠু পরিবেশ সৃষ্টির প্রতি সমর্থন জানিয়ে তারা বলেন, ফ্যাসিবাদের পতন পরবর্তী এই নতুন বাংলাদেশে কোনো অপসংস্কৃতির পুরনো বন্দোবস্ত আর মুখ বুজে সহ্য করবে না এদেশের সচেতন অভিভাবক সমাজ।
ইসলামী মহিলা মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার দায়িত্বশীল নেত্রী তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ কর্মী সমাবেশে মূল বক্তব্য রাখেন উম্মে হাবিবা সুলতানা ও জান্নাতুল ফেরদৌস মাওয়া। এছাড়া সুরাইয়া আক্তার সাবরিনা, সায়মা ইয়াসমিন, তাসলিমা ফেরদৌস, তামিমা খন্দকার ও আসমাউল হুসনাসহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে অবিলম্বে প্রাথমিক শিক্ষার কারিকুলাম থেকে এই বিতর্কিত বিষয়গুলো প্রত্যাহার করার জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট সকল নীতিনির্ধারকদের প্রতি জোরালো আহ্বান ও চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন