জুন ২২, ২০২৬, ১২:২৯ পিএম
গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এক ছাত্রশিবির নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি এবং স্থানীয় একজন মেধাবী ছাত্র ছিলেন।এই হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে জানান, গত ২১ জুন দুপুরে বোনারপাড়া এলাকার প্রকাশ্য বাজারে সাইফুল্লাহ বারীর ওপর ধারালো অস্ত্র ও লোহার শাবল নিয়ে পরিকল্পিত হামলা চালানো হয়। সাবেক যুবদল নেতা মুকুল এবং তার ভাই পলাশসহ বেশ কয়েকজন এই হামলা চালায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব যেন এই স্পর্শকাতর মামলার সুষ্ঠু তদন্তকে বাধাগ্রস্ত করতে না পারে, তা নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।হামলা চলাকালে সাইফুল্লাহর বন্ধু সালাউদ্দিনও গুরুতর জখম হয়েছেন। তিনি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সঙ্গে জড়িত মূল হোতাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশের প্রতি জোর দাবি জানিয়েছে জামায়াত। একই সঙ্গে নিহত সাইফুল্লাহ বারীর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে দলটির শীর্ষ নেতৃত্ব।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন