রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে জামায়াতের বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৩, ২০২৬, ১০:০৭ এএম

ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে জামায়াতের বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর যেকোনো ধরনের কর্মসূচি ও নাশকতার অপচেষ্টা প্রতিরোধে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকালে দলটির স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।বিক্ষোভ মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল থেকে শুরু হয়ে ২৭ নম্বর মোড় ঘুরে আবার একই এলাকায় এসে শেষ হয়।

এই প্রতিরোধ মিছিলে ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান ও সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন সরাসরি নেতৃত্ব দেন। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে থানা শাখার কর্মপরিষদের সদস্য আনিসুজ্জামান এবং কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল থেকে নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির অরাজকতা প্রতিরোধে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রুখে দিতে রাজপথে সোচ্চার থাকার নানা স্লোগান দিতে থাকেন।

এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এবং এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে বঙ্গবন্ধু ভবনের সামনের সড়কের উভয় প্রান্তে পুলিশের পক্ষ থেকে কাঁটাতারের ব্যারিকেড দেওয়া হয়েছে। যেকোনো ধরনের ঝটিকা মিছিল বা নাশকতার চেষ্টা প্রতিহত করতে সকাল থেকেই পুরো এলাকায় পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।