রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সাঈদীর জন্মস্থান হওয়ায় ১৭ বছর বঞ্চিত ছিল পিরোজপুর: মাসুদ সাঈদী

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৪, ২০২৬, ১০:০৯ পিএম

সাঈদীর জন্মস্থান হওয়ায় ১৭ বছর বঞ্চিত ছিল পিরোজপুর: মাসুদ সাঈদী

ইসলামী চিন্তাবিদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্মভূমি হওয়ায় গত ১৭ বছর পিরোজপুর জেলা সম্পূর্ণ পরিকল্পিতভাবে সব ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত ছিল বলে দাবি করেছেন তাঁর ছেলে ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। আজ বুধবারে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই দীর্ঘ উন্নয়ন বঞ্চনার কথা তুলে ধরেন।বিগত সরকারের সময়ে পিরোজপুরের বিভিন্ন সরকারি দপ্তরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা লুটপাট হয়েছে।

সংসদ সদস্য মাসুদ সাঈদী অভিযোগ করে বলেন যে শুধুমাত্র স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা এলজিইডি বিভাগ থেকে কোনো বাস্তব কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। বিশেষ করে তাঁর নির্বাচনি এলাকা পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগরকে সামগ্রিক উন্নয়নের সকল স্তর থেকেই সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা হয়েছিল। 

তবে বর্তমান সরকারের সময়ে তিনি অবহেলিত এই জেলার দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে ধাপে ধাপে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে পিরোজপুরের সড়ক ও শিল্প অবকাঠামোর সমস্যাগুলোর ব্যাপারে বিস্তারিত অবহিত করেছেন।

জনগণের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ইতিবাচক মতামত দেওয়ায় গত ১৪ জুন সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত একনেকের সভায় পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণার বিষয়টি অনুমোদিত হয়। এর পাশাপাশি গত ১৬ জুন সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী শেখ রবিউল আলম প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকার সঙ্গে পিরোজপুরের সরাসরি রেল যোগাযোগ স্থাপনের বিষয়টি নিশ্চিত করেন। মাসুদ সাঈদী জানান যে নির্বাচনের আগে পিরোজপুরবাসীকে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি সংসদে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের মাধ্যমে এই দুটি দাবি উত্থাপন করেছিলেন।

উপকূলীয় এই জেলাটিতে নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে তা সামগ্রিক অর্থনীতিতে যুগান্তকারী গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় মৎস্য, কৃষি ও সামুদ্রিক সম্পদ প্রক্রিয়াজাতকরণ শিল্পের ব্যাপক প্রসার ঘটবে। বিশেষ করে স্থানীয় যুবসমাজ ও নারীদের জন্য বড় কাজের সুযোগ তৈরি হওয়ায় বড় শহরমুখী হওয়ার প্রবণতা অনেকাংশে কমে আসবে। নদী ও সড়ক পথের যোগাযোগ ব্যবস্থার কারণে মংলা এবং পায়রা সমুদ্রবন্দরে পণ্য পরিবহন সহজ হবে যা বৈদেশিক মুদ্রা অর্জনে বড় অবদান রাখবে।

একই সঙ্গে ঢাকার সঙ্গে সরাসরি রেললাইন চালু হলে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যের খরচ বহুগুণ কমে যাবে। কৃষকেরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য এবং সুস্বাদু পেয়ারা ও আমড়া সহজে ও দ্রুত দেশের অন্যান্য বিভাগে পাঠিয়ে ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারবেন। দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার অবসান ঘটার এই সরকারি সিদ্ধান্ত আসার পর পিরোজপুরের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে এবং তারা প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।