রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করল জামায়াত

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৪, ২০২৬, ১০:৩৭ পিএম

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করল জামায়াত

রাজধানীর ধানমন্ডিতে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চারজন সদস্যকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে মাত্র এক দিনের মাথায় আজ এই শাস্তিমূলক সিদ্ধান্ত ঘোষণা করে সংগঠনটি।বহিষ্কৃতরা হলেন শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।

ঢাকা মহানগরী জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে একটি ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিল শেষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে উপস্থিত সাংবাদিকদের সাথে এক অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক সংঘাত সৃষ্টি হয়।

এই ঘটনার পরপরই দলের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটির পেশ করা প্রতিবেদনের আলোকেই আজ চূড়ান্ত সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে ঘটনার রাতেই জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ হামলায় আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় গিয়ে তাঁর খোঁজখবর নেন। কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ইতিমধ্যে আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করে বিবৃতিও দেওয়া হয়েছে।