রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নিলোফার চৌধুরী মনির মন্তব্যে ক্ষুব্ধ ছাত্রদল

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২, ২০২৬, ০৫:৪৭ পিএম

নিলোফার চৌধুরী মনির মন্তব্যে ক্ষুব্ধ ছাত্রদল

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে করা মন্তব্যের জেরে নিলোফার চৌধুরী মনি এমপির সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। গতকাল একটি টকশোতে করা ওই মন্তব্যকে ‘অযাচিত’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।বক্তব্যটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সভাপতি।

ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব উল্লেখ করেন, নিলোফার চৌধুরী মনি দীর্ঘ সময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তার ভূমিকা অনস্বীকার্য। কিন্তু গণঅভ্যুত্থান নিয়ে তার সাম্প্রতিক মন্তব্য ছাত্রদলকে মর্মাহত করেছে। রাকিব বলেন, মনি আপা জুলাই-আগস্টের যে চেতনা ধারণকারী দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে পরিচিত, সেই অবস্থান থেকে এমন বক্তব্য প্রত্যাশিত ছিল না।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান নিয়ে নিলোফার চৌধুরী মনিকে ভবিষ্যতে আরও সংযত আচরণ ও শ্রদ্ধা প্রদর্শন করার প্রত্যাশা রাখে ছাত্রদল। দলীয় অবস্থানের বাইরে গিয়ে গণঅভ্যুত্থানের চেতনাকে হেয় করার কোনো সুযোগ নেই বলে তিনি মনে করেন।রাজনৈতিক অঙ্গনে এই বক্তব্য নিয়ে এখন নানা আলোচনা শুরু হয়েছে। ছাত্রদল সভাপতির এই ফেসবুক পোস্টের প্রেক্ষিতে এখন পর্যন্ত নিলোফার চৌধুরী মনির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।