জুলাই ২, ২০২৬, ০৭:৪০ পিএম
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও এর নেতৃত্ব নিয়ে সাম্প্রতিক এক টেলিভিশন টকশোতে করা মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। আন্দোলনে স্নাইপার ব্যবহার ও নিহতদের মৃত্যুর ধরণ নিয়ে তার প্রশ্ন তোলায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। টকশোতে তিনি দাবি করেন, আন্দোলনকারীদের মৃত্যুর পেছনে নির্দিষ্ট কোনো পরিকল্পনা বা ডিজাইন ছিল।
তার এই বক্তব্যের পর ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তব্যটিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন।বক্তব্য নিয়ে তোপের মুখে পড়েছেন নিলোফার চৌধুরী মনি।টকশোতে নিলোফার চৌধুরী মনি বলেন, জুলাই আন্দোলনে স্নাইপার চালিয়েছিল কারা তা নিয়ে তার অনেক প্রশ্ন আছে। তিনি অভিযোগ করেন, আন্দোলনে যারা অংশ নিয়েছিল তারা একে অপরকে চিনত না এবং গুলির উৎসও পরিষ্কার নয়।
তার এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ফেসবুকে লিখেছেন, নিলোফার চৌধুরী মনি দীর্ঘদিন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কাজ করেছেন কিন্তু এমন অযাচিত বক্তব্য অত্যন্ত মর্মাহত করার মতো।এর আগেও নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ‘গিনিপিগ’ মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন এই সংসদ সদস্য।
তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রতিটি ক্ষেত্রেই তার বিতর্কিত মন্তব্য জনমনে প্রশ্ন তৈরি করেছে।এদিকে, ছাত্রদল সভাপতি নিলোফার চৌধুরী মনিকে ভবিষ্যতে আরও সংযত ও শ্রদ্ধা প্রদর্শন করার পরামর্শ দিয়েছেন। গণঅভ্যুত্থানের চেতনাকে হেয় করার কোনো সুযোগ নেই বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। রাজনৈতিক এই উত্তেজনার মাঝে নিলোফার চৌধুরী মনির পক্ষ থেকে নতুন করে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন