জুলাই ২, ২০২৬, ১১:৪৮ পিএম
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নিজের সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে সৃষ্ট বিতর্কের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। বৃহস্পতিবার রাতে সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার কথাগুলো কাটছাঁট করে গণমাধ্যমে ভুলভাবে প্রচার করা হয়েছে। তিনি দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানকে ‘ডিজাইন করা আন্দোলন’ বলে কখনোই মন্তব্য করেননি।
বরং আন্দোলনকারীদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র বা ডিজাইন করা হয়েছিল, সেটিই তিনি বোঝাতে চেয়েছেন।বক্তব্য বিকৃতভাবে প্রচারের দাবি এমপি নিলোফার মনির।টক-শোতে করা মন্তব্যের বিষয়ে তিনি ব্যাখ্যা করেন, আন্দোলনের সময় পুলিশের স্নাইপার ব্যবহারের বিষয়ে তদন্ত প্রয়োজন। তিনি বলেন, আমার বক্তব্যের মূল বিষয় ছিল স্বৈরাচারী শক্তির পতন ঘটানো এবং সেই সময়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের আত্মত্যাগ।
তিনি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে জানান, আন্দোলনে অনেক শিক্ষার্থী পরিচয়হীনভাবে রাস্তায় নেমেছিল এবং তাদের ওপর গুলি চালানো হয়েছিল, যার সঠিক উত্তর আজও খুঁজে পাওয়া যায়নি।
নিলোফার মনি আরও বলেন, তিনি সবসময় জুলাই যোদ্ধাদের পক্ষে অবস্থান নিয়েছেন। শেখ হাসিনার স্বৈরশাসন থেকে মুক্তি পেতে সাধারণ ছাত্র-জনতা ও সাধারণ মানুষের অংশগ্রহণই ছিল আন্দোলনের প্রধান শক্তি। আন্দোলনের সময় বিভিন্ন ছাত্রনেতা বা সাধারণ শিক্ষার্থীদের খাবারের অভাবসহ বিভিন্ন মানবিক সংকট মোকাবিলায় তিনি পাশে দাঁড়িয়েছিলেন বলেও স্মৃতিচারণ করেন তিনি।
এই বিতর্কিত পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। নিলোফার মনি জোর দিয়ে বলেছেন, তার মূল লক্ষ্য ছিল ফ্যাসিস্ট সরকারের পতনের পেছনের পরিকল্পনাগুলো স্পষ্ট করা। তবে তার বক্তব্যের একাংশ ভিন্নভাবে প্রচার করায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে তিনি মনে করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন