সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করার আহ্বান আমীরে জামায়াতের

মুজিবুল আলম

জুলাই ৪, ২০২৬, ১০:২৭ পিএম

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করার আহ্বান আমীরে জামায়াতের

ছবি : দিনাজপুর টিভি

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলে জাতীয় সংসদের ‘ককাস অব আমেরিকা’ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ড. মো. ওসমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

সংসদীয় কূটনীতির মাধ্যমে দুই দেশের সম্পর্ক জোরদারের আহ্বান জানানো হয়েছে।বিশেষ অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান মার্কিন সরকার ও জনগণকে স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে অভিনন্দন জানান। তিনি ‘ককাস অব আমেরিকা’-এর কার্যনির্বাহী কমিটিতে জামায়াতে ইসলামীর দুই সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম এবং মিস মারদিয়া মমতাজের উপস্থিতিকে সংসদীয় কূটনীতি পরিচালনার প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করেন। বিরোধীদলীয় নেতা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ককে বাণিজ্য, নিরাপত্তা ও গণতান্ত্রিক সহযোগিতার ভিত্তিতে এক প্রকৃত অংশীদারিত্বে রূপান্তরের আহ্বান জানান। রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তার জন্য তিনি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টাকে তিনি স্বাগত জানান।

পরিশেষে ডা. শফিকুর রহমান সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় সংসদীয় কূটনীতির গুরুত্ব তুলে ধরেন। দুই দেশের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।