জুলাই ৮, ২০২৬, ০৭:৫৯ পিএম
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় চট্টগ্রামের মানুষের দুর্ভোগ নিয়ে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা। বুধবার জাতীয় সংসদের অধিবেশনের পয়েন্ট অব অর্ডারে চট্টগ্রামের বিভিন্ন আসনের এমপিরা এ নিয়ে আলোচনার সূত্রপাত করেন।
চট্টগ্রাম-১৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, গত চারদিনের লাগাতার বৃষ্টিতে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা সয়লাব হয়ে গেছে। মানুষের অবস্থা অত্যন্ত নাজুক। অন্যদিকে, জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালীসহ বিস্তীর্ণ এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অসহায় নারী, শিশু ও বৃদ্ধদের জন্য জরুরি ভিত্তিতে শুকনো খাবার ও ত্রাণ সহায়তার দাবি জানান তিনি।
জলাবদ্ধতা নিরসনে প্রকল্পের ধীরগতি ও সমন্বয়হীনতার অভিযোগ তোলেন জামায়াতের আরেক সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বলেন, ২০১৭ সালে গৃহীত প্রকল্প ৯ বছর পার হলেও এখনো জলাবদ্ধতার স্থায়ী সমাধান হয়নি। তিনি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও খাল খননে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত কার্যক্রম পরিচালনার অনুরোধ করেন।
এমপিদের আলোচনার জবাবে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বৃহত্তর চট্টগ্রাম ও পাহাড়ি অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে অনেক এলাকা প্লাবিত হয়েছে। দুর্গতদের সহায়তার জন্য ইতোমধ্যেই প্রতিটি জেলায় ২০০ মেট্রিক টন চাল এবং ১০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, শুকনো খাবার বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, যাতে সংসদ সদস্যদের পরামর্শক্রমে ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন