জুলাই ৯, ২০২৬, ০২:৫৬ পিএম
ফেনী থেকে উদ্বোধন হচ্ছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রা। দেশ গড়তে জুলাই জাগরণ শিরোনাম সামনে রেখে বৃহস্পতিবার বিকেল ৫টায় জেলার সোনাগাজী উপজেলা চত্বর থেকে এই পদযাত্রার উদ্বোধন করবেন দলের কেন্দ্রীয় নেতারা।
পদযাত্রায় উপস্থিত থাকার কথা রয়েছে জুলাই গণঅভ্যূত্থানের সমন্বয়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা, যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল আমিন, সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজীব ও ছাত্রবিষয়ক সম্পাদক আলী আহসান জুনায়েদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের।
জাতীয় নাগরিক পার্টির ফেনী জেলা সদস্যসচিব শাহ ওয়ালিউল্লাহ মানিক বলেন, ঐতিহাসিক ও রক্তস্নাত জুলাই ফিরে এসেছে নতুন প্রত্যাশা ও প্রেরণার বার্তা নিয়ে। হাজারো শহীদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি অনন্য অধ্যায়। এই ঐতিহাসিক মাসকে যথাযথ মর্যাদায় স্মরণ এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন প্রজন্ম ও দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে দেশ গড়তে জুলাই জাগরণ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
জুলাই মাসজুড়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদযাত্রা, গণসংযোগ, শহীদদের স্মরণ, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বিশেষ কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের প্রতিটি গুরুত্বপূর্ণ দিন ও ঘটনাকে জাতির সামনে তুলে ধরা হবে। এছাড়া পদযাত্রায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে জনগণকে সোচ্চার করার লক্ষ্য রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন