জুলাই ১০, ২০২৬, ০৭:৩৯ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আদালতের রায় অনুযায়ী ফাঁসির দণ্ড কার্যকর করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তার মতে, শেখ হাসিনা দেশে ফিরলে কেবলমাত্র রায় কার্যকরের জন্যই ফিরবেন।
শেখ হাসিনার ফেরা ও বিচার প্রক্রিয়াটি এখন কূটনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।নাহিদ ইসলাম বলেন, গত ১৬ বছরে দেশ ভয়াবহ ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। এখন সরকার যথাযথ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় এই গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন কি না বা কীভাবে আসবেন, তা এখন পুরোপুরি ঢাকার সঙ্গে দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করছে। কারণ, হাসিনা তার ব্যক্তিগত সিদ্ধান্তে কোনো পদক্ষেপ নিতে পারেন না।
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, বর্তমান সরকার দলগতভাবে তাদের বিচারের আওতায় আনার বিষয়টি সক্রিয়ভাবে ভাবছে এবং এটিই সঠিক পথ। তিনি স্পষ্ট করেন যে, শেখ হাসিনা বা আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়। যদি তাদের কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা চালানো হয়, তবে সরকার নিজেই ক্ষতির সম্মুখীন হবে বলে তিনি সতর্ক করেন।
জুলাই বিপ্লবে অংশ নেওয়া শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছেন বলেও নাহিদ ইসলাম উল্লেখ করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় তারা আপসহীন। অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা বিভিন্ন উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন, যেখানে নাহিদ ইসলাম জাতীয় উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন