জুলাই ১৯, ২০২৬, ১০:৫৪ এএম
গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শনিবার বিকেলে শহরের শহিদ হাসান চত্বরে আয়োজিত এই সমাবেশে দলটির আমির আল্লামা মামুনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।কোনো টালবাহানা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির।
সমাবেশে আল্লামা মামুনুল হক বলেন, এ দেশ কোনো ভারতীয় প্রেসক্রিপশনে চলবে না এবং দেশের জনগণ আর কোনো ধরনের ভারতীয় আধিপত্য মেনে নেবে না। তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে যারা গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছেন, তা মেনে নেওয়া হবে না। জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়ন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
সমাবেশ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জোর দিয়ে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া বর্তমান সংসদ চলতে পারে না। তিনি সরকারকে দ্রুত এ রায় বাস্তবায়নের আহ্বান জানান এবং অন্যথায় তীব্র আন্দোলনের মাধ্যমে তা আদায় করার ঘোষণা দেন।
বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতী মুহাম্মদুল্লাহ অভিযোগ করেন, বিএনপি গণভোট নিয়ে টালবাহানা করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। রায় বাস্তবায়ন না করলে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখা আয়োজিত এই সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। ছাত্র সংগঠনের পক্ষ থেকেও দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানানো হয়। সমাবেশ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে নাগরিক সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন