শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

বিরোধী দলের এমপিদের বঞ্চিত করছে সরকার: ডা. মিতুর

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ০২:১৮ পিএম

বিরোধী দলের এমপিদের বঞ্চিত করছে সরকার: ডা. মিতুর

ছবি - সংগৃহীত

বর্তমান সরকার সবাইকে নিয়ে রাজনীতি করার কথা বললেও বাস্তবে বিরোধী দলের সংসদ সদস্যদের উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ তুলেছেন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু। তিনি দাবি করেন, এ ধরনের আচরণ প্রমাণ করে সরকার আগের রাজনৈতিক সংস্কৃতিরই অনুসরণ করতে চায়।রোববার বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টি ঘোষিত কেন্দ্রীয় দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে তিনি বিশেষ অতিথি ছিলেন। ডা. মিতু বলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হওয়ার পর রাজাপুর ও কাঁঠালিয়ার মানুষ উন্নয়ন প্রত্যাশা করেছিলেন, কিন্তু বিরোধী দলের প্রতিনিধি হওয়ায় তিনি কোনো বরাদ্দ আনতে পারছেন না। তিনি জানান, সংরক্ষিত নারী আসনের পঞ্চাশজন এমপির মধ্যে সরকার ৩৭ জনকে বরাদ্দ দিলেও বিরোধী দলের ১৩ জনকে সম্পূর্ণভাবে বঞ্চিত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে রাজনীতি করার ঘোষণা দিলেও কাজের ক্ষেত্রে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। এতে সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়ে উঠেছে। রাজাপুর ও কাঁঠালিয়াসহ পুরো ঝালকাঠির সড়ক অবকাঠামোর অবস্থা অত্যন্ত নাজুক উল্লেখ করে তিনি বলেন, চারজন সংসদ সদস্য থাকা সত্ত্বেও পর্যাপ্ত উন্নয়ন বরাদ্দ নেই। তবে বিরোধী দলের প্রতিনিধি হিসেবে তিনি জনগণের অধিকার আদায়ে লড়াই অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টির দুই বছরের অগ্রগতির কথা উল্লেখ করে ডা. মিতু বলেন, স্বল্প সময়ে দলটি জনগণের যে সমর্থন পেয়েছে তা বিশাল অর্জন। সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আলী আহসান জুনায়েদ, সরোয়ার তুষার, মো. আরিফুর রহমান তুহিন ও শাহরিয়ার শাকিলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।