জুলাই ২২, ২০২৬, ০৮:০৯ পিএম
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কূটনীতিক মিস কেট ওয়ার্ড। বুধবার সকালে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।উভয় পক্ষের এই আলোচনায় দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট, সুশাসন প্রতিষ্ঠা, মানসম্মত শিক্ষা প্রসার এবং যুবসমাজের ক্ষমতায়ন সংক্রান্ত বিষয়গুলো বিশেষভাবে স্থান পায়।
এ ছাড়া প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধি এবং পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় দক্ষ মানবসম্পদ উন্নয়নের ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করেন। দেশের সামগ্রিক অগ্রগতি ও উন্নয়নের ধারা গতিশীল রাখতে নৈতিক মূল্যবোধসম্পন্ন ও প্রযুক্তি সচেতন প্রজন্ম গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন খেলাফত মজলিস আমির।
ব্রিটিশ কূটনীতিক মিস কেট ওয়ার্ড বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মনোযোগ সহকারে শোনেন। বৈঠকে আগামী দিনগুলোতে পারস্পরিক বোঝাপড়া ও গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের পররাষ্ট্র সচিব ফারিদ খানসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন