রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে শাস্তি হওয়া উচিত: নাহিদ ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ১১:০১ এএম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে শাস্তি হওয়া উচিত: নাহিদ ইসলাম

ছবি - সংগৃহীত

রাষ্ট্রপতি যদি সংবিধানবিরোধী কোনো কাজ করে থাকেন, তবে অবিলম্বে সেই রাষ্ট্রপতির শাস্তি নিশ্চিত করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।নেত্রকোণার খালিয়াজুড়িতে আয়োজিত এক পথসভায় তিনি এই দাবি জানান।শুক্রবার বিকেলে এনসিপির উদ্যোগে দেশব্যাপী পালিত জুলাই পদযাত্রা ও পথসভা কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সেখানে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের বিভিন্ন ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকেই বলা হচ্ছে যে যে রাষ্ট্রপতির আদেশের ভিত্তিতে অতীতে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, সেই আদেশ ও কার্যক্রম সংবিধানবিরোধী। যদি রাষ্ট্রপতি সত্যিই সংবিধানবিরোধী কাজ করে থাকেন, তবে তার বিরুদ্ধে আইনি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। বিএনপি সরকার কোনো শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করে কি না, তা দেশবাসীর নজরদারিতে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কড়া সমালোচনা করেন এই রাজনৈতিক নেতা। তিনি বলেন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে ব্যর্থ হলে তা জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ ও ঐতিহাসিক গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সরাসরি প্রতারণার শামিল হবে। 

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় উল্লেখ করে তিনি বলেন, জনগণের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক দূরত্ব দূর করতে অবিলম্বে পুলিশ কমিশন গঠন ও কার্যকর পুলিশ সংস্কার অত্যন্ত জরুরি।অনুষ্ঠানে খালিয়াজুড়ি উপজেলা এনসিপির আহ্বায়ক মুশফিকুর রহমান মিন্টুর সভাপতিত্বে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।