বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পাবনার আটঘরিয়ায় সংসদ সদস্য আরিফা সুলতানা রুমাকে গণসংবর্ধনা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ০৯:২২ পিএম

পাবনার আটঘরিয়ায় সংসদ সদস্য আরিফা সুলতানা রুমাকে গণসংবর্ধনা

পাবনার আটঘরিয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাকে সম্মান জানাতে এক বর্ণাঢ্য গণ-সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা সভা হয়।আটঘরিয়া উপজেলা ও আতাইকুলা থানা এলাকার সর্বস্তরের মানুষের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। 

অনুষ্ঠানে সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা বিএনপির নেতা মো. আতাউর রহমান রানা এবং সদস্য সচিব মো. মনোয়ার হোসেন আলম। বক্তারা এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যায়। প্রধান অতিথির বক্তব্যে দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়। 

নতুন এই জনপ্রতিনিধিকে সংবর্ধনা জানানোর মধ্য দিয়ে এলাকার রাজনৈতিক অঙ্গনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।পাবনা জেলা মিডিয়া সেলের ক্যামেরাপার্সন মো. শাহিনুর ইসলাম এই পুরো অনুষ্ঠানের ছবি ও গণমাধ্যম সংক্রান্ত দায়িত্ব পালন করেন।