জুলাই ২৫, ২০২৬, ১১:২৬ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা এবং তার বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম।এই বিচার ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে সম্পন্ন করতে হবে।শনিবার বিকেলে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের বিভাগীয় মহাসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দেশের সার্বিক সংস্কারের বিষয়গুলো তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনা যদি দেশে ফেরেন, তবে তার বিচারের মুখোমুখি হওয়ার জন্য যথাযথ প্রস্তুতি রাখতে হবে। অপরাধের যথাযথ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা না গেলে জনগণের প্রত্যাশা অপূর্ণ থেকে যাবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কঠোর অবস্থানের কথা জানান।সমাবেশে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে এলডিপি সভাপতি বলেন, তাকে কোনো নির্দিষ্ট দলের প্রধানমন্ত্রী না হয়ে সমগ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করতে হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ স্মরণ করিয়ে দিয়ে তিনি চাটুকার ও দালালদের প্রভাব এড়িয়ে নিজের বিবেক দিয়ে দেশ পরিচালনার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান থাকার যে ক্ষমতাধর পদবিন্যাস, তা পরিবর্তনের জন্য ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে ইতিপূর্বে প্রস্তাব দেওয়া হয়েছিল।
জামায়াতে ইসলামীর রাজনৈতিক শৃঙ্খলা ও অভ্যন্তরীণ ঐক্যের উচ্চ প্রশংসা করে কর্নেল অলি বলেন, উনিশশো পঁচাত্তর সালের পর থেকে তিনি দলটির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছেন এবং তাদের সাংগঠনিক ঐক্য অত্যন্ত সুদৃঢ়।দেশের রাজনীতিতে জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন