জুলাই ২৯, ২০২৬, ০৬:৪২ পিএম
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই বাহুবল উপজেলায় কঠোর নিরাপত্তা ও পুলিশি বাধার মুখে পড়েছে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর। বুধবার দুপুর থেকেই জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকে বাহুবল উপজেলার মুছাই, কামাইছড়া, মিরপুর চৌমুহনা ও তিতারকোনা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নেন।
বিকেল পাঁচটার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতাদের বহর বাহুবল উপজেলার সীমানায় পৌঁছালে পুলিশের গতিরোধের মুখে পড়ে।নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে আইনশৃঙ্খলা বাহিনী এই ব্যারিকেড তৈরি করে।
এদিকে মিরপুর এলাকায় সড়কে ব্যক্তিগত গাড়ি আড়াআড়িভাবে দাঁড় করিয়ে যান চলাচল সীমিত করে দেওয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘ সময় ধরে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এনসিপির বহর আটকা থাকায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন