শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

১৭ বছরের মজলুম আজ জালিম হয়ে উঠেছে:মাহমুদা আক্তার মিতু

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১, ২০২৬, ০৮:১৬ পিএম

১৭ বছরের মজলুম আজ জালিম হয়ে উঠেছে:মাহমুদা আক্তার মিতু

ছবি : সংগৃহীত

ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই বিএনপি দলীয়করণ, চাঁদাবাজি এবং সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা আক্তার মিতু। তিনি বলেছেন, গত সতেরো বছর ধরে যারা নিজেদের মজলুম হিসেবে দাবি করে এসেছে, আজ ক্ষমতার আসনে বসে তারা নিজেরাই জালিম হয়ে উঠেছে। 

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের সুরসম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি জেলা শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. মাহমুদা আক্তার মিতু।তিনি দাবি করেন, নির্যাতিত মানুষের দল হিসেবে নিজেদের পরিচয় দিলেও বিএনপি বাস্তবে সেই অবস্থান ধরে রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ছাত্রদল প্রসঙ্গে তিনি বলেন, তারা বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে সরে গিয়ে সন্ত্রাসীদের মাধ্যমে সংগঠন গড়ে তুলছে। 

দলীয় চেয়ারপারসনের কর্মসংস্থানের প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি আরও বলেন, বর্তমানে যে ধরনের সুযোগ দেওয়া হচ্ছে তা মূলত চাঁদাবাজির সঙ্গে জড়িত। বিএনপি অন্তত এক বছর ভালো থাকার অভিনয় করতে পারত কিন্তু তারা ছয় মাসও তা টিকিয়ে রাখতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কথা উঠলে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন তোলার প্রতিক্রিয়ায় তিনি বলেন, শহীদদের স্মৃতি, তাদের প্রতি দায়বদ্ধতা এবং আন্দোলনের চেতনা ধরে রাখার কাজ কখনোই থামবে না। জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে এনসিপি ও তাদের রাজনৈতিক মিত্ররা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সদস্যসচিব প্রকৌশলী আমিনুল হক চৌধুরীসহ রোকেয়া বেগম এমপি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।