রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাই চেতনা থেকে বিএনপি সরে গেছে: মিয়া গোলাম পরওয়ার

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২, ২০২৬, ১২:১৫ এএম

জুলাই চেতনা থেকে বিএনপি সরে গেছে: মিয়া গোলাম পরওয়ার

প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে একটি মহল বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে বলে গুরুতর অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান সুবিধাভোগী হওয়া সত্ত্বেও বিএনপি এখন সেই ঐতিহাসিক চেতনা ও আদর্শ থেকে সরে এসেছে। শনিবার বিকেলে রাজধানী ঢাকার মহাখালী কলেরা হাসপাতালের সামনে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলগুলো তা ভুলে গেছে। চুরাশিটি সংস্কার প্রস্তাবে বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করলেও এখন সেই অঙ্গীকার রক্ষা করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। কেবল আইনের আংশিক সংশোধন নয়, বরং গণভোটের রায় অনুযায়ী সংবিধানের মৌলিক কাঠামোর সংস্কার বাস্তবায়নই ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোর একমাত্র পথ বলে উল্লেখ করেন তিনি। 

সংস্কার ছাড়া রাষ্ট্রক্ষমতা এককভাবে কুক্ষিগত করার যেকোনো অপচেষ্টা জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।ঢাকা মহানগর উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন সমাবেশে সভাপতিত্ব করেন। তিনি বলেন, বিগত সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই তাদের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। 

১৭ বছরের তীব্র প্রতিকূলতা সত্ত্বেও জামায়াতের নেতাকর্মীরা রাজপথে অটল ছিলেন বলে উল্লেখ করেন তিনি। ভোট রক্ষা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে জীবন বাজি রাখতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান মোহাম্মদ সেলিম উদ্দিন।সমাবেশ শেষে মহাখালী কলেরা হাসপাতালের সামনে থেকে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি তেজগাঁও তিব্বত মোড় এলাকায় গিয়ে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।