আগস্ট ৪, ২০২৬, ১২:২৪ পিএম
নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ও চলমান সংকট নিরসনে দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। সোমবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে জোটের শীর্ষ নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৈঠকে উপস্থিত নেতারা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, গ্যাস সংকট ও বিদ্যুতের ভুতুড়ে বিল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
জনদুর্ভোগ ও রাজনৈতিক দাবি আদায়ে ৫ আগস্ট বুধবার দেশব্যাপী গণমিছিলের ডাক দিয়েছে জোটটি। ওই দিন সকাল সাড়ে দশটায় ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে একটি গণসমাবেশ অনুষ্ঠিত হবে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত এই সমাবেশ থেকেই চলমান আন্দোলনের পরবর্তী বৃহত্তর কর্মসূচি আসবে।
পরদিন ৬ আগস্ট বৃহস্পতিবার দেশের সব মহানগর ও জেলায় বিদ্যুৎ এবং গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন নেতাকর্মীরা। এ ছাড়া সকাল ১১টায় রাজধানীর মুক্তাঙ্গনেও জোটের পক্ষ থেকে অনুরূপ অবস্থান কর্মসূচি পালিত হবে।
বৈঠকে এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন