আগস্ট ৪, ২০২৬, ০১:২৯ পিএম
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার কোনো চেষ্টা হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে তা তছনছ করে দেওয়া হবে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত একটি প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ওয়ান ইনিশিয়েটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নামের একটি সংগঠন ‘আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে।এই ইস্যুতে বৃদ্ধ আর যুবক এখন একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।বক্তব্যে ডা. শফিকুর রহমান একাত্তরের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও শহীদদের তালিকা না থাকার আক্ষেপ প্রকাশ করেন।
তিনি বলেন, পঞ্চান্ন বছর পেরিয়ে গেলেও শহীদ মুক্তিযোদ্ধাদের কোনো সঠিক তালিকা তৈরি হয়নি। তাই চব্বিশের জুলাই আন্দোলনে যাদের অবদান রয়েছে, তাদের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। যাতে একাত্তরের মতো চব্বিশের স্মৃতিও হারিয়ে না যায়।বর্তমান সরকারের কিছু পদক্ষেপের সমালোচনা করে জামায়াত আমির বলেন, গুম ও খুনের বিচারের গতি এখন স্থবির হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, জুলাই স্মৃতি জাদুঘর খোলার কথা থাকলেও তার কোনো লক্ষণ নেই।
এই ইস্যু ভুলিয়ে দেওয়ার জন্য নানা ধরনের প্রলোভন ও প্রস্তাব দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি জানান, জনগণের রায়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ তাদের নেই।সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, জুলাইযোদ্ধাদের গায়ে হাত দিলে বা তাদের এক ফোঁটা রক্ত ঝরালে তা হবে চরম অকৃতজ্ঞতা। দেশের বৃহত্তর স্বার্থে যেকোনো প্রশ্নে ঐক্যবদ্ধ হতে রাজি থাকলেও জনগণের অধিকার বিসর্জন দিয়ে বা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবেন না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুয়েটের অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল বুলবুল এবং ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ অন্যরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন