আগস্ট ৪, ২০২৬, ০৬:৪১ পিএম
ছাত্রশিবির ও ছাত্রলীগকে একসঙ্গে টেনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব স্পষ্ট জানিয়েছেন যে ছাত্রদল কোনো সন্ত্রাসী সংগঠন নয়। তিনি বলেছেন, ছাত্রদল কখনো অন্য কোনো সংগঠনের মতো সন্ত্রাসী আচরণ করবে না এবং কারও চরিত্রহননও করবে না। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে শিবিরের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে গণমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই মন্তব্য করেন।
সহনশীল ও গণতান্ত্রিক রাজনীতির প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ছাত্রদল সভাপতি।তিনি বলেন, প্রতিপক্ষ তাদের মতো রাজনীতি করবে আর ছাত্রদল নিজেদের আদর্শ অনুযায়ী রাজনীতি চালিয়ে যাবে। কারও বিরুদ্ধে কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডে না জড়ানোর নির্দেশ দিয়ে তিনি উল্লেখ করেন যে ছাত্রদল সর্বদা সহনশীল রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাস করে। রাজনৈতিক প্রতিপক্ষ থাকলেও সহিংসতা বা বিদ্বেষের পথে না হেঁটে আদর্শিক চর্চা বজায় রাখার ওপর জোর দেন তিনি।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউজিসি চেয়ারম্যানের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া এর আগের দিন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের জেরে ক্যাম্পাসে চরম উত্তেজনা তৈরি হয়। এসব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতির প্রেক্ষাপটেই ছাত্রদল সভাপতির এই বক্তব্য এল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন