আগস্ট ১২, ২০২৬, ০৬:৪৮ পিএম
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রাজনৈতিক অঙ্গনে জোরালোভাবে আলোচিত হচ্ছে। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার বর্তমান নির্বাচনি আসন ঠাকুরগাঁও-১ শূন্য হবে এবং সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এই সম্ভাব্য পরিস্থিতিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে সম্ভাব্য প্রার্থী হিসেবে একাধিক নেতার নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে।
মির্জা ফখরুলের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে এখন থেকেই কৌতূহল তৈরি হয়েছে।সম্ভাব্য প্রার্থীদের তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে তার বড় মেয়ে ড. শামারুহ মির্জার নাম। পেশায় চিকিৎসাবিজ্ঞানী ও গবেষক ড. শামারুহ মির্জা দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করলেও বিগত জাতীয় নির্বাচনে তার বাবার পক্ষে নির্বাচনি প্রচারে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।
এছাড়া জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে সমানভাবে আলোচনায় রয়েছে। ইতিপূর্বে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন।স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয়তা এবং পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এই দুই নেতার অবস্থানকে জোরালো করেছে।১৯৪৮ সালে ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারে দীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে।
তার বাবা রুহুল আমিন কৃষি প্রতিমন্ত্রী এবং চাচা মির্জা গোলাম হাফিজ মন্ত্রী ও স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে ঠাকুরগাঁও-১ আসনে চূড়ান্ত প্রার্থী কে হবেন, তা সম্পূর্ণ নির্ভর করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর। রাষ্ট্রপতির পদ চূড়ান্ত হওয়ার পরেই এই আসনে দলীয় তৎপরতা আরও দৃশ্যমান হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।স্থানীয় নেতাকর্মীরা এখন কেন্দ্রের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় দিন কাটাচ্ছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন