সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল (অব.) অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র কেন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৩, ২০২৬, ০৮:৪৬ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল (অব.) অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র কেন

ছবি : সংগৃহীত

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের নামে দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে একটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পর নিজ দপ্তরের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান। তিনি বলেন, অলি আহমদের নামে জমা দেওয়া দুটি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় দেখা হবে। প্রথম ফরমটিতে কোনো ত্রুটি থাকলে দ্বিতীয়টি বিবেচনায় নেওয়া হবে।একই প্রার্থীর নামে দুটি ফরম জমা দেওয়ার কারণ ব্যাখ্যা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ফরম পূরণে কোনো তথ্যগত ভুল বা জটিলতা এড়াতে বিকল্প হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন নির্বাচনে এই ধরনের কৌশলগত প্রস্তুতি রাখা হয়ে থাকে।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৬ আগস্ট থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে। সংসদ সচিবালয়ের প্রতিনিধির উপস্থিতিতে প্রার্থীদের প্রস্তাবক ও সমর্থক স্বাক্ষর যাচাই করা হবে।

তফসিল অনুযায়ী, ১৮ আগস্ট বিকেল পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। একাধিক বৈধ প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।গত ২৪ জুলাই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাঁর পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে কমিশন। এবারের নির্বাচনে একাধিক প্রার্থীর বৈধতা সাপেক্ষে দীর্ঘ সময় পর ভোটাভুটির সম্ভাবনা তৈরি হয়েছে।